
ছোট্ট একটা রান্নাঘর। তিন দিক ঘিরে কাঠের তাক,
আর একপাশে খোলা জানালা, যেখান দিয়ে রোজ সকালে রোদ ঢুকত একটু একটু করে।
জানালার ঠিক বাইরে, হাত দুয়েকের মধ্যে দাঁড়িয়ে থাকত ঝাকড়া চুলের মতো পাতায় পাতায় ভরা গন্ধরাজ লেবুর গাছটা, তার পাশে কাগজী লেবুর গাছ, আর এই দুই পাতার ফাঁক দিয়ে উঁকি দিত নিমগাছের ডাল। ঠিক তার পরে সারি বেঁধে দাঁড়িয়ে তেঁতুল, আম আর জাম্বুরা গাছেরা ।
রান্নাঘরের ভেতর, তাকগুলোতে রাখা সারি সারি কৌটো—
বড়, মেজো, সেজো, ছোট আর অগুনতি সব মাপের।
একেকটা কৌটো যেন সময়ের থলে।
রোজকার চাল-ডাল ছাড়াও থাকত নারকেল নাড়ু, মুড়ির মোয়া, শুকনো তেঁতুল, কমলার খোসা, আমসত্ত্ব, বরবটি-কলাই, কুমড়ো বিচি, ফরাস বিচি,কাঁঠাল বিচি- আরও কত কী যার তালিকা বলে শেষ করা যাবে না।
বাম্মার রান্নাঘরে কিছুই ফেলা যায় না, এটাই অলিখিত নিয়ম।

কমলার খোসা দিয়ে গরমকালে হতো নরম নরম কমলা সন্দেশ।
শীতকালে আমসি দিয়ে রাঁধা হতো ডাল কিংবা পুঁটি মাছের ঝোল।
কুমড়ো বিচি শুকিয়ে, খোলায় ভেজে খোসা ছাড়িয়ে খাওয়া হতো বিকেলের চায়ের সাথে।
ফরাস বিচি যেত গাড়ুর ডালে, আবার কখনও মাছের মাথার রসায়।
আর কাঁঠাল বিচির গল্পকথা তো বলেই শেষ হবে না। কখনো ডাল, বা গরম ভাতের পাশে ভাজা, তো চাপর ঘন্টে , কখনো মাংসে আর ইলিশের ঝোলে বা মাখায় ।
এ কৌটোগুলো ছিল ভালোবাসা সংরক্ষণের এক কৌশল। প্রতিটি কৌটো যেন একেকটা গল্পের আধার, ছকের বাইরে একেকটা জীবনকথা।
অবিরত বৃষ্টি, মেঘলা আকাশ যখন মন ভিজিয়ে দেয়, তখন বহু বছর আগেকার স্মৃতিরা যেন রাগ মেঘ মল্লার হয়ে ভেসে আসে।
তখন আমি বেঁচে যাওয়া ইলিশের ল্যাজা আর কাঁঠাল বিচির এই গল্পকথা শুনাই । আজ নাহয় এটুকুই থাক, বাকিটুকু তোলা রইল অন্য কোনো দিনের জন্যে।


Ingredients
Method
- কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নরম করে সেদ্ধ করে নিন । হামানদিস্তা ভালো ভাবে থেঁতো করুন ।
- মাছে একটু নুন হলুদ দিয়ে মেখে রাখুন ।
- শুকনো খোলায় শুকনো লঙ্কা টেলে রাখুন ।
- কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে সেই লেজ আর বাকি দুই টুকরো মাছ ভেজে নিন। ভাজা টুকরোগুলো এবার হামানদিস্তায় ছেঁচে নিন কাঁটাগুলো বেছে আলাদা করুন।
- ঐ তেলে অর্ধেক পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন ।
- একটি বাটিতে শুকনো লঙ্কা আর একটু নুন মিশিয়ে হাত দিয়ে গুঁড়া করে নিন।
- এবার মাছ , থেঁতো করা কাঁঠাল বিচি , ভাজা পেঁয়াজ, কাচা পেঁয়াজ, কুচনো কাঁচা মরিচ নুন দিয়ে ভালো করে মেখে নিন ।
- বাকি তেলটুকু ছড়িয়ে আবার মেখে নিন । গরম ভাতের সাথে পরিবেশন করুন ।
কাঁঠাল বিচি ইলিশ মাখা । বাংঙালীর রান্নাঘরে সংরক্ষণের যে দর্শণ , সেতো আর আজকের নয় । সে এক অনন্ত কাল ধরে প্রজন্মের পরম্পরায় গড়ে ওঠা গল্প-গাথা |





Leave a Reply